১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫-২০ নেতাকর্মী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 09:57 AM

Updated : 26 Aug 2026, 11:45 AM

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাতুড়ি-শাবল নিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্যসচিব আলী হোসেন, জেলা কমিটির মুখপাত্র ফয়সাল ফারনিম, মহানগর কমিটির সদস্যসচিব আল নুর মো. আয়াস, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নাফিউস রোহানসহ ১৫-২০ জন। 

সদস্যসচিব আলী হোসেন বলেন, “পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরেও ভিডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তারই প্রতীক স্বরূপ ধানমন্ডির ৩২ নম্বরের মত ময়মনসিংহেও স্বৈরাচারের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে ছাত্র-জনতা।”  

এদিকে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু হলের ‘মুজিব’ ম্যুরাল। সেখানে রাত ১১টার দিকে ভাঙচুর শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।