Published : 06 Aug 2026, 06:13 PM
নারায়ণগঞ্জে জামায়াতপন্থি সাতজন অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর-পিপি এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার-এজিপি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ও পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্রের একটি অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকেও দেওয়া হয়।
পদত্যাগপত্রে জামায়াতে ইসলামীর সমর্থক সাত আইনজীবী পদত্যাগের কারণ হিসেবে বিএনপি সরকারের ‘জুলাই সনদের বিরুদ্ধে সিদ্ধান্ত’ এবং কিছু পদক্ষেপ ও অবস্থানের সঙ্গে মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করেছেন।
পদত্যাগ করা আইনজীবীরা হলেন- নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত কৌঁসুলি নিজাম উদ্দিন, আইনজীবী ইসরাফিল হোসাইন ও গোলাম সারোয়ার, সহকারী গভর্নমেন্ট প্লিডার মাইনুদ্দিন মিয়া ও জাহাঙ্গীর দেওয়ান, সহকারী পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন এবং মাসুদুর রহমান।
জামায়াতপন্থি আইনজীবীরা বলছেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ‘ব্যর্থতা’ তাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিচারবিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও তারা উদ্বিগ্ন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন তারা।
এসব ঘটনায় সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে উদ্বিগ্ন হয়ে ‘বিবেকের তাড়নায়’ তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে বলেছেন।
পদত্যাগ করা এপিপি আক্তার হোসেন মোবাইল ফোনে বলেন, “বিএনপি সরকারের জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও বিচারবিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করাসহ কয়েকটি কারণে এ পদে আমরা থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি।”
পদত্যাগ করা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক ও জামায়াত সমর্থিত সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নেতা বলে জানান এই আইনজীবী।