কোভিড: তাজউদ্দীন মেডিকেলে দুটি ভেন্টিলেটর নষ্ট, কিটের চাহিদা প্রেরণ
করোনাভাইরাসের ফের প্রাদুর্ভাবের মধ্যে ১৬টি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি আবার দেশে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আক্রান্তদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য ১৬টি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নামও রয়েছে।
হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বুধবার জানান, এখন পর্যন্ত গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে কোনো রোগী হাসপাতালে আসেননি। গাজীপুর শিল্প-কারখানা সমৃদ্ধ হওয়ায় এখানে দেশের বিভিন্ন জেলার লোকজনের বসবাস রয়েছে।
“ঈদের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি চলে গেছেন। গ্রামের বাড়ি থেকে ফিরলে কেউ করোনাভাইরাস বহন করছেন কিনা তা জানা যাবে।”
সবাইকে আগের মত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়ে চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ৫০০ শয্যার এ হাসপাতালে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো ন্যাজাল ক্যানুলাসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। এর আগে এটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচালিত হয়েছে। এবারও যাতে করোনাভাইরাস আক্রান্ত রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পায়, সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রাথমিকভাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ১০টি বিছানা রাখা হচ্ছে। তার মধ্যে পাঁচটি পুরুষ ও পাঁচটি নারীদের জন্য বরাদ্দ দেওয়া হবে। প্রয়োজনে আরো বেড সংখ্যা বৃদ্ধি করা হবে।
২০২০ সালে পাওয়া আটটি ভেন্টিলেটরের মধ্যে দুটি নষ্ট হয়ে গেছে। এগুলো মেরামত করাসহ প্রয়োজনীয় কিট ও অন্যান্য সামগ্রীর সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এস কে মো. সাইফুল আলম জানিয়েছেন, ল্যাবে একটি পিসিআর মেশিন রয়েছে তা ভালো আছে। আগে হাসপাতালের পুরানো ভবনে ল্যাবে বায়োসেফটির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নতুন হাসপাতলে ল্যাব স্থানান্তর হওয়ার কারণে সেখানে বায়োসেফটির ব্যবস্থা নেই। তাই নতুন ভবনে বায়োসেফটির নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, এ ছাড়া ল্যাবে জনবলও বাড়াতে হবে। করোনাভাইরাস আক্রান্তদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য ১৬টি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।
