Published : 05 Apr 2026, 04:54 PM
গাজীপুরের শ্রীপুরে মোমবাতি থেকে লাগা আগুনে পোশাক শ্রমিকদের ১৯টি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়েছে।
গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার (ফখরুদ্দিন মোড়ে) আব্দুল কাদিরের মালিকানাধীন বসতবাড়িতে শনিবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
সাড়ে ৮টার দিকে খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে বলে শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান।

বসতবাড়ির মালিক আব্দুল কাদির বলেন, “রাত সাড়ে ৮টার দিকে ভাড়াটিয়াদের একটি ঘরের বাসিন্দা মোমবাতি জ্বালিয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে ওই ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
“এক পর্যায়ে এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ভাড়াটিয়াসত বসতবাড়ির ১৯টি ঘরসহ সব জিনিসপত্র পুড়ে যায়।”
গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা লিটন মিয়া বলেন, “জামালপুরের ইসলামপুর এলাকার নাগরিক ফখরুদ্দিন টেক্সটাইল মিলসের ডেনিমেক গার্মেন্টসের পোশাক শ্রমিক নাসরিন-মানিক সরকার দম্পতির সবচেয়ে থেকে বেশি ক্ষতি হয়েছে।
“প্রতি মাসে তাদের বেতন থেকে সামান্য জমানো নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান জিনিপত্র পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা একই কারখানার শ্রমিক দম্পতি আসমা-আব্দুল জলিলের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের ঘরে থাকা আলমারি ও ওয়ারড্রপসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
ওই ঘরের বাসিন্দা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা রুনা আক্তার-সবুজ দম্পতি স্থানীয় আমান টেক্সটাইল কারখানায় চাকরি করেন। অগ্নিকাণ্ডের সময় তারা কারখানায় কাজ করছিলেন। খবর পেয়ে এসে দেখেন তাদের ঘরের সব মালামল পুড়ে গেছে।
এতে তাদে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই কারখানার আরেক শ্রমিক বেদেনা আক্তার বলেন, আগুনে তার প্রায় দুই লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ রোববার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা বলেন এবং সান্ত্বনা দেন।
আগুনের সূত্রপাত কিভাবে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল করিম বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।”