২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সরকারের আমলে বিচার হয়েছে মিথ্যা তথ্যে: মাশুকুর রহমান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা পুরান বাসস্ট্যান্ডে কৃষকদলের আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 12:18 AM

Updated : 26 Aug 2026, 10:49 AM

আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা তথ্যের ভিত্তিতে বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান।

তিনি বলেছেন, “শেখ হাসিনা বিচার করেছে সাক্ষ্য-প্রমাণ ছাড়া মিথ্যা তথ্যের ভিত্তিতে। ওই একই ট্রাইব্যুনালে এখন সত্য-সঠিক তথ্যের ভিত্তিতে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে। পৃথিবীর সবাই জানবে। 

“আশা করি, শেখ হাসিনার ফাঁসি হবে। কারণ, দেশের শিশুরাও এই খুনি হাসিনার ফাঁসি চায়।”

বুধবার বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা পুরান বাসস্ট্যান্ডে কৃষকদলের আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন। 

বিএনপি, যুবদল, ছাত্রদলের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মন্তব্য করে মাশুকুর রহমান বলেন, “এসব হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। শেখ হাসিনার মাথা পালিয়ে গেলেও বডি রয়েছে এই দেশে। তার সেসব সাঙ্গপাঙ্গরা দেশে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে খন্দকার নাসিরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। 

বোয়ালমারী উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নয়াবা ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্যসচিব মিরাজুল ইসলাম মিরাজ, বোয়ালমারী উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, আতাউর খান, মো. ইকরাম হোসেন।