২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

দুর্ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব, ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-নেত্রকোণার পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 03:24 PM

Updated : 25 Dec 2023, 06:59 PM

ময়মনসিংহ সদরে অরক্ষিত একটি রেলক্রসিংয়ে উঠে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কার পর চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন দুইজন।

সোমবার বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব, ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-নেত্রকোণার পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ওসি বলেন, “ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার জারিয়া থেকে ‘বলাকা এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক ওই রেলক্রসিং এ উঠে পড়ে।

পরে ট্রেনের ধাক্কায় ট্রাকটি লাইনের পাশে ছিটকে পড়ে। ট্রাকটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

নিহতদের একজনের মরদেহ ট্রাকের পাশ থেকে এবং বাকিদের মরদেহ ট্রেনের সামনের অংশ থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বলে জানান তারা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির বলেন, “দুর্ঘটনাস্থলের পাশেই একটি প্রজেক্টের কাজের জন্য বালু নেওয়া হচ্ছিল। ট্রাকটি বালু নিয়ে ক্রসিং এ ওঠার পরপরই বিকল হয়ে যায়।

“অনেকক্ষণ চেষ্টা করেও সেটি সরানো যায়নি।পরে ট্রেনটি চলে আসলে ট্রাকে ধাক্কা দেয়।”

দুর্ঘটনায় নিহত চারজন ট্রেনের যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।

ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারকে সহায়তার জন্য টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।