২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোহা দিবস: পাঁচ দশকেও উপেক্ষিত জাতীয় শিক্ষক দিবসের দাবি

রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন প্রক্টর ড. জোহার আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামের ভিত আরও মজবুত করে।

বিডিনিউজ২৪

আরিফুজ্জামান কোরবান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 08:47 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

“ডোন্ট ফায়ার! আই সেইড, ডোন্ট ফায়ার! কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন আমার গায়ে গুলি লাগে।” বলিষ্ঠ কণ্ঠে এ কথাগুলো বলেই ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাদের বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন ড. শামসুজ্জোহা।

আর সত্যিই সেদিন ছাত্রদের গায়ে গুলি লাগার আগেই পাকিস্তানি সেনাদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রয়াসন বিভাগের এই শিক্ষকের।

তার রক্ত ঝরার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী আন্দোলন চরম রূপ নেয় এবং পতন ঘটে সামরিক শাসক আইয়ুব খান-এর। 

রয়াসন বিভাগের রিডার (সহযোগী অধ্যাপক) ও তৎকালীন প্রক্টর ড. জোহার এই আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামের ভিত আরও মজবুত করে। তিনি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃত। 

এছাড়া ছাত্রদের জন্য কোনো শিক্ষকের এভাবে জীবন দেওয়ার ঘটনাও বিশ্ব ইতিহাসে বিরল।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শামসুজ্জোহা স্যারের অবদান আমরা দু’ভাবে দেখতে পারি। প্রথমত, তিনি শিক্ষার্থীদের বাঁচাতে সামনে এগিয়ে যান। 

“দ্বিতীয়ত, তাকে আহত অবস্থায় নেওয়ার সময় তাকে রক্ষায় শিক্ষার্থীরাও জীবন দেন। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এমন উদাহরণ বিরল।"

জাতীয় শিক্ষক দিবসের দাবি

শহীদ হলেও রাষ্ট্রীয় স্বীকৃতিতে দীর্ঘদিন উপেক্ষিত ছিলেন ড. শামসুজ্জোহা। মৃত্যুর ৩৯ বছর পর ২০০৮ সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয় এবং একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। 

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ড. জোহার সমাধির স্থানটিকে ‘জোহা চত্বর’ নামকরণ এবং জোহা হলের পাশে একটি ‘স্ফুলিঙ্গ’ স্থাপন করা হয়।

এদিকে দীর্ঘদিন ধরে ড. জ্জোহার মৃত্যুদিবস ১৮ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার। কিন্তু ৫৬ বছর পেরিয়েও এ দাবি বাস্তবায়িত হয়নি। 

দিনটি বর্তমানে ‘জোহা দিবস’ হিসেবে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়েই পালন করা হয়। তার স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। 

রসায়ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ড. জোহা আমাদের শিখিয়েছেন একজন শিক্ষকের নৈতিক দায়িত্ববোধ কেমন হওয়া উচিত। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গের নজির বর্তমান সময়েও অনুপ্রেরণার। 

“আমরা বারবার এই দাবিটি জোরালোভাবে উত্থাপন করেছি, কিন্তু নীতিনির্ধারণী পর্যায়ে এটি এখনও সেভাবে গুরুত্ব পায়নি। আমরা চাই দিনটি জাতীয়ভাবে স্বীকৃতি পাক।”

শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুনরায় আবেদন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, “সারাদেশে ডক্টর জোহার মতো আত্মত্যাগের উদাহরণ আর কোথাও নেই, তাই তাকে জাতীয় বীর হিসেবে গ্রহণ করা উচিত। অতীতেও এমন দাবি তোলা হয়েছিল কিন্তু তা সফল হয়নি। 

“রাজনৈতিক ট্যাগ বা পক্ষপাতের কারণে বিষয়টি থমকে আছে বলে ধারণা করা হয়। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এ দিনটি পালন করা হোক।"

মোহাম্মদ শামসুজ্জোহা ১৯৩৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন। বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং বাঁকুড়া ক্রিশ্চান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।  

১৯৬১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগ দেন তিনি। উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়ে ইমপেরিয়াল কলেজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে ফিরে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিডার (সহযোগী অধ্যাপক) হিসেবে একই বিভাগে যোগ দেন।

এ শহীদ শিক্ষক স্ত্রী নিলুফা জোহা ও এক কন্যা সন্তান রেখে যান। তার পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

সেদিন যা ঘটেছিল

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের উত্তাল প্রেক্ষাপটে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে এবং সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পাকিস্তানি সেনারা গুলি চালাতে উদ্যত হলে প্রক্টর ড. শামসুজ্জোহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের সামনে দাঁড়ান। তিনি সেনাদের গুলি না করতে অনুরোধ করেন এবং ছাত্রদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন।

কিন্তু বেলা প্রায় ১১টার দিকে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন হাদী পিস্তল থেকে ড. শামসুজ্জোহাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুরুতর আহত অবস্থায় ড. জোহাকে রাজশাহী মিউনিসিপাল অফিসে নেওয়া হয়। পরে সেখানে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, “তার আত্মদানের পর চলমান আন্দোলন গতি পায়, বঙ্গবন্ধুর ফাঁসির আদেশ স্থগিত হয়। স্বাধীনতার ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে তা যথাযথ মূল্যায়ন পায়নি।