২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ বাইক আরোহীর মৃত্যু

সন্ধ্যা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ বাইক আরোহীর মৃত্যু

বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 08:41 PM

Updated : 20 Oct 2022, 08:41 PM

কুমিল্লার মুরাদনগর ‍উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাখরনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান।

তবে সন্ধ্যা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

নজরুল ইসলাম জানান, কুমিল্লামুখী মোটরসাইকেলটি দ্রুত গতিতে বাখরনগর এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা গেলে পড়ে গিয়ে দুই আরোহী গুরুতর আহত হন। একজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন; কুমিল্লা নেওয়ার পথে মারা যান অপরজন।

নজরুল আরও জানান, মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ফাঁড়িতে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি, নিহতদের মধ্যে একজনের নাম কামাল হোসেন (২৮) ও অপরজনের নাম মো. সজিব (২৫)। তারা দুজনেই ধান ব্যবসায়ী।

পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত নন জানিয়ে তিনি বলেন, “নিহতদের স্বজন পরিচয়ে কয়েকজন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন; ফাঁড়িতে আসছেন বলে জানিয়েছেন।

“তারা এলে পরিচয় নিশ্চিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।”

পৃথক দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু, আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সদর দক্ষিণের লালবাগ এলাকায় একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় এটির চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় নিহত আবুল কালাম (৪২) যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা।

পুলিশ মরদেহ উদ্ধার করে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান।

এ ছাড়া তিনি জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার শরীফপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে পড়ে গেলে ১০ যাত্রী আহত হন।

“বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”