টাঙ্গাইলে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ২০
পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জমির বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে; এ সময় দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে বাসাইল থানার এসআই মনোয়ার হোসেন জানান।
নিহত ৫০ বছর বয়সি মনোয়ারা বেগম উপজেলার স্থলবল্লা গ্রামের উত্তরপাড়ার শওকত মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, আহতদের মধ্যে পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়ার মিনহাজ উদ্দিন (৩৭) ও বিল্লালকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে এসআই মনোয়ার বলেন, স্থলবল্লা গ্রামের উত্তরপাড়ার শুকুর, জালাল, কালাম ও বিল্লালের সঙ্গে একই গ্রামের দক্ষিণপাড়ার আনু, সেলিম, শফি, এনামুল হক ও রাসেলদের জমিজমা নিয়ে প্রায় ২০ বছর ধরে বিরোধ চলে আসছে।
“সেই বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে গরুর হাট থেকে ফেরার সময় উত্তরপাড়ার জহিরুলের পথরোধ করে দক্ষিণপাড়ার এনামুল হকসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন।”
এসআই বলেন, “পরে বুধবার সকালে মসজিদে মাইকিং করে দা, ফালা, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে উত্তরপাড়ার আনোয়ারের বাড়িতে হামলা চালায় দক্ষিণপাড়ার লোকজন। এ সময় উত্তরপাড়ার লোকজনে প্রতিহত করতে গেলে দুপক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।“
তিনি বলেন, “এ ঘটনায় সংঘর্ষ বন্ধ করতে গিয়ে মাথায় দেশী অস্ত্রের আঘাতে মনোয়ারা বেগমের মৃত্যু হয়। এ সময় দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহতের ছোট ভাই হেলাল উদ্দিন বলেন, “আমার বোন ঝগড়া বন্ধ করতে গিয়েছিল। এ সময় মাথায় ফালার আঘাতে আমার বোন মনোয়ারা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমি নিজেও মাথায় আঘাত পেয়েছি।“
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আতিক বলেন, “হাসপাতালে এক নারীর লাশ রয়েছে। আহত অবস্থায় কয়েকজনে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
