২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের কালির দাগ শুকায়নি, পাঁচ প্রতিশ্রুতির বাস্তবায়ন: তথ্যমন্ত্রী

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুন:খননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 08:01 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয় তার বাস্তবায়ন করে- এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, “সরকারের বয়স এক মাস হয় নাই। আমাদের ভোটারদের ভোটের কালির দাগ শুকায় নাই এখনো। কিন্তু আমাদের দেওয়া পাঁচটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বাস্তবায়ন করেছি।”

সোমবার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুন:খননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এরই মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বণ্টন করা হয়েছে, ‘কৃষক কার্ড’ বণ্টনের জন্য প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফ করা হয়েছে, ইমামদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে, আজকে খাল খনন কাজ শুরু হয়ে গেল। সরকারের এই তৎপরতার একটা বিবরণ ঈদের পর পরই জাতিকে অবহিত করব। 

“বিগত সরকারের সঙ্গে তারেক রহমানের পার্থক্য এখানেই। তারেক রহমান যা বলেন তা তিনি মিন করেন এবং প্রচলিত রাজনীতিবিদদের মত ‘কথার কথা’ তিনি বলেন না। পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যদিয়ে তিনি তা প্রমাণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতার ব্যবস্থা করতে হবে।” 

জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী। 

বিএডিসি কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আওতায় প্রায় ৪৫ বছর আগে কৃষি উন্নয়নের লক্ষ্যে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালটি খনন করা হয়েছিল। পরে খালটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে শুষ্ক মৌসুমে প্রায় এক হাজার হেক্টর জমিতে কোনো চাষাবাদ হত না। খালটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার, যার মধ্যে প্রথম পর্যায়ে দুই কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সম্পূর্ণ অংশ পুন:খনন করা হবে।