Published : 05 Feb 2026, 06:47 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
তিনি বলেছেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পূর্ণ প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। দেশ এবং জাতির জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব।”
তিনি বলেন, “অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়নের সংখ্যা অনেক বেশি। শুধু নৌ বাহিনীর ক্ষেত্রে পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে, যা বিগত সময়ের চেয়ে দ্বিগুণ।”
বৃহস্পতিবার দুপুরে বরগুনায় সাংবাদিকদের ব্রিফিংয়ে নৌবাহিনী প্রধান নাজমুল হাসান এসব কথা বলেন।
তিনি বলেন, বরগুনার দুটি আসন ও ছয় উপজেলাসহ দেশের উপকূলীয় অঞ্চলের ২৫টি উপজেলার ১৬টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে নৌবাহিনী ।
বেলা সাড়ে ১১টার দিকে নৌবাহিনী প্রধানকে বহনকারী হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন। বরগুনা পুলিশ লাইন সংলগ্ন নৌ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে নৌ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
এরপর বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নাজমুল হাসান। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ওসি, ডিজিএফআই, এনএসআই, র্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় নৌবাহিনীর প্রধান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।
সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নাজমুল হাসান।
এ ছাড়া নৌবাহিনী প্রধান ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে তিনি নৌবাহিনী কন্টিনজেন্টর সার্বিক কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।