নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক এমপির ছোট ভাই গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে রিসোর্ট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ-৩ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।
শনিবার বিকাল ৪টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
সংসদ সদস্যের ছোট ভাই সানজিদ হাসনাত (৪৪) সোনারগাঁয়ের প্রয়াত আবুল হাসনাতের ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ডিবির একটি দল রিসোর্টে অভিযান চালিয়ে সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, সোনারগাঁ থানায় পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সানজিদ হাসনাতের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
