গোপালগঞ্জে কভার্ড ভ্যান দুর্ঘটনায় চালকের সহকারী নিহত
চালক পালিয়ে যাওয়ায় কোন গাড়ির সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কা লেগেছে তা জানা সম্ভব হয়নি।
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে এক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালকের সরকারী নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা।
নিহত সীমান্ত রহমান (১৮) যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী গ্রামের মুফিজুর রহমানের ছেলে।
এসআই রোমান মোল্লা বলেন, ভোরে খুলনাগামী কভার্ডভ্যানটি পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন।
এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ায় কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে তা জানা সম্ভব হয়নি। কভার্ড ভ্যানটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
