২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইকে ঘুরতে বেরিয়েছিলেন তিন বন্ধু, পিকআপ চাপায় প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

বাইকে ঘুরতে বেরিয়েছিলেন তিন বন্ধু, পিকআপ চাপায় প্রাণ গেল ২ জনের
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপ চাপায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 06:19 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও এক বন্ধু।

রোববার বিকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী।

‎নিহতরা হলেন- উপজেলার দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)।

আহত অপরজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। 

সুমন কুমার বলেন, বিকালে মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবির নিহত হন। আহত অপর আরোহীকে হাসপাতালে পাঠানো হয়। 

খবর পেয়ে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, দুর্ঘটনার পর পর চালক পিকআপ নিয়ে দ্রুত চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।