২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সব অবৈধ চুক্তি বাতিল: হাফিজ

ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বাংলাদেশের ৫৫টি নদী ওরা বন্ধ করে দিয়েছে, উত্তরবঙ্গ শুকিয়ে মরুভূমি হচ্ছে।”

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 10:17 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের সব ‘অবৈধ চুক্তি’ বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, “বাংলাদেশকে কখনই দাস বানানো যাবে না। বাংলাদেশের মাটি কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না।” 

মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন বাজারের হাফিজ উদ্দিন অ্যাভিনিউয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। 

ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বাংলাদেশের ৫৫টি নদী ওরা বন্ধ করে দিয়েছে, উত্তরবঙ্গ শুকিয়ে মরুভূমি হচ্ছে; সব অন্যায়ের বিচার হবে।”

ছাত্রদের অভিনন্দন জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি অস্ত্র হাতে। আর শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্ররা খালি হাতে পুলিশের গুলি আর হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত গ্রেনেডের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তি ছিনিয়ে এনেছে।”  

বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরো বলেন, “আওয়ামী লীগ দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বেগমপাড়াসহ বিভিন্ন দেশে সম্পদ করেছে। বিএনপি ক্ষমতায় আসার আগেই এগুলোর বিচার হবে।”

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি শাহারুখ হাফিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম।