১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রেমাল’: রাঙামাটিতে ৩৫১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত, ঝুকিঁপূর্ণ এলাকায় মাইকিং

“ঘুর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হচ্ছে।”

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:49 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

রাঙামাটিতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় রাঙামাটিতে আসন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৫২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, “ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাঙামাটি মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির প্রভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

“রেমালের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হচ্ছে।

“এছাড়া রাঙামাটি পৌর এলাকায় ২৯টি এবং জেলার ১০টি উপজেলায় ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলা সদরসহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে।”

পাশাপাশি পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনসমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান মোশারফ হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম এবং সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ ও এলডিইডির নির্বাহী প্রকৌশলীরা সভায় উপস্থিত ছিলেন।