কাঞ্চন পৌরসভা নির্বাচন: আঙুলের ছাপ ‘না মেলায় ফিরে যাচ্ছেন’ ভোটাররা
“এত টাকা দিয়া মেশিন বানাইয়া যদি ছাপই না মেলে, তাইলে লাভ কী হলো?”
নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোট দিতে এসেছিলেন ষাটোর্ধ্ব হোসনে আরা৷ কয়েকবার চেষ্টা করেও তার আঙুলের ছাপ না মেলায় হাত পানি দিয়ে পরিষ্কার করে অপেক্ষা করতে বলা হয়৷
জাতীয় পরিচয়পত্রের নম্বর মিলিয়ে ভোটার তালিকায় তার নাম পাওয়া যায়৷ কিন্তু অন্তত ২০ মিনিট অপেক্ষা করার পর আঙুলের ছাপ মেলাতে আবারও চেষ্টা করা হলে মেলেনি৷ পরে বিরক্ত হয়ে ভোট না দিয়েই চলে যান তিনি৷
বুধবার দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা যায়৷
এ কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ ফজর আলী বলেন, “কয়েকবার চেষ্টা করেও হোসনে আরার আঙুলের ছাপ মেলাতে পারিনি৷কিন্তু তার জাতীয় পরিচয়পত্রের নম্বর অনুযায়ী তিনি এ কেন্দ্রেরই ভোটার৷”
ভোট দিতে না পেরে বিরক্ত হোসনে আরা বলেন, “কতক্ষণ বইসা ছিলাম; হাত পানি দিয়া ধুইলাম। এখন কয় বালু দিয়া আঙুল ঘষতে৷ ধুর ভোটই দিমু না, তাই চইলা যাইতাছি।“ পরে বাড়ির পথে হাঁটা ধরেন এ বৃদ্ধা৷
একই কেন্দ্রে আঙুলের ছাপ মেলেনি ৪৫ বছর বয়সী হালিমার৷ দায়িত্বরত নির্বাচন কর্মকর্তারা বলছেন, হালিমার আঙুলে মেহেদি লাগানো থাকায় ছাপ মিলছে না৷ পানি নিয়ে কয়েকবার ধোয়ার পরও ছাপ মেলেনি৷
ভোট দিতে না পেরে কেন্দ্র থেকে ফিরে যেতে দেখা যায় ২৬ বছর বয়সী মো. হৃদয়কেও৷
এ যুবক বলেন, “চার-পাঁচবার চেষ্টা করেও আঙুনের ছাপ মেলেনি৷ আমাকে বলছে বাসা থেকে জাতীয় পরিচয়পত্র আনার জন্য। দেখি, বাসায় গিয়ে হাতের সামনে কার্ড পেলে নিয়ে আবার ভোট দিতে আসবো৷”
“এত টাকা দিয়া মেশিন বানাইয়া যদি ছাপই না মেলে, তাইলে লাভ কী হলো?”, যোগ করেন এ ভোটার৷
সকালে হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একাধিক ভোটারকে এভাবে ফিরে যেতে দেখা যায়৷
১ নম্বর ওয়ার্ডের তারৈল বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “কয়েকজনের আঙুলের ছাপ মিলছে না৷ তাদের ছাপ মেলানোর চেষ্টা করা হচ্ছে৷ না মিললে পরবর্তীতে কী করা যায় দেখছি৷”
ভোটারের সঙ্গে গোপন কক্ষে নির্বাচন কর্মকর্তারা
কাঞ্চন পৌরসভা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ‘অস্বাভাবিক আচরণ’ দেখা গেছে৷
পৌরসভার অন্তত তিনটি কেন্দ্রে গোপনকক্ষে ভোটারদের সঙ্গে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারদের দেখা গেছে৷ তারা ভোটারদের ইভিএমে ভোট দিতে গোপনকক্ষে প্রবেশ করে ‘নির্দেশনা’ দিচ্ছিলেন৷
তারৈল বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী কেন্দ্রে ভোটার উপস্থিত থাকা অবস্থায় গোপন কক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দেখা যায়৷ তিনি এক ভোটারকে ইভিএমে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে গোপন কক্ষে ঢুকেই দিক-নির্দেশনা দিচ্ছিলেন৷
ওই সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে তার নাম জিজ্ঞেস করা হয়। কিন্তু তিনি নাম বলতে রাজি হননি।
ভোটারের সঙ্গে গোপনকক্ষে থাকার কারণ জানতে চাইলে বলেন, “আপনি এখানে পাঁচ মিনিট দাঁড়ান, দেখবেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে৷
“বারবার বুঝিয়ে দেওয়ার পরেও তারা ঠিকমতো ভোট দিতে পারছে না৷ তাই তাদের দেখিয়ে দিচ্ছিলাম৷”
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আশরাফুল আলম সিদ্দিকী বলেন, “গোপন কক্ষে কেউ থাকতে পারবেন না৷ যদি যান্ত্রিক কোনো ত্রুটির ব্যাপার থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা৷ কিন্তু ভোট দেওয়ার সময় কেউ থাকতে পারবেন না৷”
গোপনকক্ষে ভোটারের সঙ্গে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার উপস্থিত থাকার ছবি দেখালে আশরাফুল আলম বলেন, “এমনটা হয়ে থাকলে ওই কর্মকর্তা তার ব্যক্তিগত রিস্কে কাজটা করেছেন৷ তাকে সতর্ক করা হবে৷”
বেলা ২টার দিকে তারৈল বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন কাউন্সিলর প্রার্থী পনির হোসেন৷ এ কেন্দ্রের গোপনকক্ষে ভোটারের পছন্দের বাইরে অন্য প্রতীকে ভোট দিতে বাধ্য করনা হচ্ছে বলে প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ জানান তিনি।
এ সময় এ প্রার্থীর সঙ্গে কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা কাটাকাটিও হয়৷
পনির বলেন, “গোপন বুথে নাকি নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীর এজেন্টরা ঢুকে ভোটারদের পছন্দের মার্কার বাইরে অন্য মার্কায় ভোট দিতে বাধ্য করছেন৷ এ অভিযোগ দিতে গেলে আমার সঙ্গে ম্যাজিস্ট্রেট খারাপ ব্যবহার করে কেন্দ্র থেকে চলে যেতে বলেন৷
“আমি প্রার্থী, অভিযোগ পেলে তো জানাবোই৷ ভোটকক্ষে তো কেউ থাকতে পারবে না। ভোটার ছাড়া৷”
রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, “আমি সাংবাদিকদের কাছে বিষয়টি জেনেছি৷ এমনটা হবার কথা নয়৷ সকল কর্মকর্তাদের এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া আছে৷
“কিন্তু ভোটাররা অনেকেই ইভিএমে স্বতঃস্ফূর্ত না হওয়াতে কোনো কর্মকর্তা হয়তো সহযোগিতা করেছেন৷ কিন্তু এটাও না করতে বলা হয়েছে৷”
