১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2025, 04:58 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গীর হাজী মার্কেট বনমালা রোডে এ ঘটনা ঘটে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান। 

তিনি বলেন, ওই এলাকায় আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শাহিন আলম বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে পাঁচ থেকে ছয় হাজার স্কয়ার ফুটের ঝুট গুদামটি পুড়ে গেছে। 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।