২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ শিকার: ৯ দিনে বরিশাল বিভাগে ৩২২ জেলের কারাদণ্ড

নয় দিনে তিন হাজার ২৮৪ কেজি ইলিশ ও ১৩ লাখ ৭২ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 08:05 PM

Updated : 21 Oct 2023, 08:05 PM

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় নয় দিনে বরিশালে বিভাগের ৩২২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ২ লাখ ৫৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান বরিশাল মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন। 

বিভাগীয় মৎস্য কার্যালয়ের তথ্য মতে, বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি জেলের কারাদণ্ড দেওয়া হয় বরিশাল জেলায়। 

এ জেলায় ২৪৭ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া হয় ভোলায় ৫৩ জনকে। এ ছাড়া পটুয়াখালীতে ৩১, ঝালকাঠিতে নয় ও বরগুনায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়। 

এ সময়ে বিভাগে এক হাজার ২১টি অভিযান এবং ৩৮৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যেখানে মামলা হয় ৩৪১টি।

এসব অভিযানে তিন হাজার ২৮৪ কেজি ইলিশ ও ১৩ লাখ ৭২ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। 

যার মধ্যে জালের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় দুই কোটি ৫৬ লাখ এক হাজার টাকা। এবং নিলামে আয় হয়েছে ৪৪ হাজার ১০০ টাকা। 

বরিশাল বিভাগে বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে ১২৪, বিভিন্ন মাছঘাটে এক হাজার ৭৫৬, বিভিন্ন আড়তে তিন হাজার ৯ ও বিভিন্ন মাছের বাজার এক হাজার ৯০৯ বার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। 

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। 

এই নিষেধাজ্ঞার মধ্যে বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে জানান তিনি।