২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কের পাশে উল্টে ছিল অটোরিকশা, পাশে চালকের মরদেহ

স্থানীয়রা ধারণা করছে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েই হৃদয়কে দুর্বৃত্তরা হত্যা করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 10:12 AM

Updated : 11 Dec 2023, 10:12 AM

গাজীপুরের শ্রীপুরে গজারির বন থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১২টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ,কর্নপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশের গজারি বনের ভেতর থেকে ওই চালকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান।

পাশে ওই চালকের অটোরিকশাটিও উল্টে পড়ে ছিল। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

২৫ বছর বয়সী নিহত চালক হৃদয়ের বাড়ি গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের। তিনি শ্রীপুরে বাগমারা গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

তার পরিবারের সদস্যরা বলেছেন, হৃদয় রোববার বিকাল সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুমন মিয়ার বরাত দিয়ে ওসি সুমন মিয়া বলেন, “গজারি বনের ভেতর একটি উল্টে থাকা অটোরিকশা এবং পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কাছে পড়ে থাকা তার মোবাইল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।“

পুলিশের এই কর্মকর্তা বলছেন, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়েই হৃদয়কে দুর্বৃত্তরা হত্যা করেছে।

ময়নাতদন্তের জন্য হৃদয়ের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

হত্যাকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানিয়েছেন ওসি সুমন মিয়া।