১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

“খোঁজাখুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুরে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

গাজীপুর নগরীর কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় এলাকায় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।

মৃতরা হল- রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ি এলাকার আকমল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তালতলা এলাকার মো. শামীমের ছেলে আব্দুল মমিন ওরফে স্বাধীন (১২)।

জুনায়েদ কোনাবাড়ী থানার দক্ষিণ দেওয়ালিয়াবাড়ি ও মমিন কাশিমপুর থানার এনায়েতপুর এলাকায় পরিবারের সঙ্গে একটি বাসা ভাড়া থাকতো।

তারা দেওয়ালিয়াবাড়ি এলাকায় আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী বলেন, দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় এলাকায় একটি গভীর গর্তের জমিতে বৃষ্টির পানি জমেছিল। রোববার বেলা ১১টার দিকে জুনায়েদ ও মমিন ওই পানিতে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে তারা গভীর গর্তে পড়ে পানিতে তলিয়ে যেতে থাকে।

এ দৃশ্য দেখে পথচারীরা তাদের বাড়ির লোকজনকে খবর দেয়। ততক্ষণে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে জুনায়েদ ও মমিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এসআই রফিকুল বলেন, “পানি থেকে মৃত অবস্থায় ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”