১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই অন্তবর্তী সরকারের লক্ষ্য: আদিলুর

শুক্রবার বিকালে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 07:40 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই এই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। তখন তারা সব কাজকে এগিয়ে নিয়ে যাবে। বর্তমান সরকার সব কিছুর পরিবর্তন করে দেবে সেটা সম্ভব না।”

শুক্রবার বিকালে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, দেশের চিনিকলগুলো আবারও সচল করা হবে। চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, “এরই মধ্যে ১২০ কোটি টাকা আখের মূল্য পরিশোধের জন্য দেওয়া হয়েছে। বাংলাদেশের পিছিয়ে পড়া এলাকাগুলোতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে এসে সবার জীবন উন্নয়ন করতে হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্রর সভাপতিত্বে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন।

চলতি মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে নর্থ বেঙ্গল চিনিকল ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।