চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি আয়োজনের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নাচোল, শিবগঞ্জ ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- নাচোল উপজেলার আব্দুল কাদের, শিবগঞ্জের ওসমান ও মেরাজ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আবুজার গিফারী।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়া বা আয়োজনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
নাচোল থানার ওসি সুকমল চন্দ্র দেবনাথ বলেন, শুক্রবার রাতে কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আয়োজনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন আব্দুল কাদের। আদালত সেদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার লাগানো ও মিছিল করার অভিযোগে করা মামলায় ওসমান ও মেরাজকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আবুজার গিফারীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার চারজনকে আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
