২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকেরা জানান, গত জুলাইয়ের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে তাদের। অগাস্ট মাসের বেতনও পাননি তারা।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বিক্ষোভ করেন টি আর জেড পোশাক কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 06:35 PM

Updated : 26 Jan 2024, 06:35 PM

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার সকাল ৮টা থেকে মহানগরীর গাছা এলাকায় টি আর জেড পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জহিরুল হক।

সেখানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

শ্রমিকেরা জানান, গত জুলাইয়ের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে তাদের। অগাস্ট মাসের বেতনও পাননি তারা। এমনকি গত ঈদের সময় কিছু শ্রমিকের বকেয়ার টাকা পাওনা রয়েছে।

তারা জানান, শনিবার তাদের বকেয়া টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত টাকা না পেয়ে শ্রমিকরা চলে যান। পরে রোববার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন।

শ্রমিক নেতা আজিজুল ইসলাম জানান, শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের জন্য শনিবার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু তারা বেতন পরিশোধ করতে পারেনি। তাই রোববার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।

এ অবস্থায় শিল্প পুলিশের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনার পর গত অগাস্টের বেতন দেওয়া হয়েছে বলে জানান, গাছা জোনের সরকারী পুলিশ কমিশনার মো. মাকসুদুর রহমান। তবে অন্যান্য বকেয়ার দাবিতে শ্রমিকরা এখনও কর্মবিরতিতে আছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক জহিরুল হক জানান, মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]