ময়মনসিংহে ‘বিএনপির ঘরে স্বতন্ত্রের বাসা’, সুযোগ জামায়াতের?
দেশের যে কয়টি জেলায় সবচেয়ে বেশি আসন রয়েছে সেগুলোর মধ্যে ময়মনসিংহ অন্যতম।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে মনোনয়ন দিয়েছে বিএনপি। মূলত দলীয় দ্বন্দ্ব এড়াতে এখনও একটি আসনে মনোনয়ন ঘোষণা বাকি রাখা হয়েছে।
ঘোষণা করা ১০টি আসনের মধ্যে ছয়টিতে এক ধরনের নির্ভার অবস্থায় রয়েছেন বিএনপি প্রার্থী। বাকি চারটিতে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। ফলে এগুলোতে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া দলের নেতারা। সেই বিরোধের সুযোগ নিতে মাঠ চষে বেড়াচ্ছেন অন্য রাজনৈতিক দল; বিশেষ করে জামায়াতে ইসলামী।
দেশের যে কয়টি জেলায় সবচেয়ে বেশি আসন রয়েছে সেগুলোর মধ্যে ময়মনসিংহ অন্যতম। এ জেলায় নব্বইয়ের পর থেকে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা গেছে। অনেক নির্বাচনে দেখা গেছে, এ দুই দলের বিরোধের কারণে ভোটের ফল ‘স্বতন্ত্র’ বা অন্য পক্ষ ঘরে তুলেছে। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীরও কোথাও কোথাও শক্ত অবস্থান রয়েছে।
তবে এবারের ভোটের চিত্র অন্য যেকোন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের চেয়ে ভিন্ন। কারণ, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ পুরোপুরি মাঠে নেই; অপরদিকে জাতীয় পার্টি থেকেও নেই। ফলে মাঠ ‘একচ্ছত্রভাবে’ বিএনপির নিয়ন্ত্রণে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত, যারা সুযোগের সদ্ব্যবহার করতে মরিয়া।
নেতাকর্মীরা বলছেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-৪ (সদর) আসনে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে লুতফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ফকর উদ্দিন আহমেদ মোটামুটি দলীয় কোন্দলহীন অবস্থায় আছেন। মনোনয়ন ঘোষণার আগে এসব আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে প্রার্থিতা ঘোষণার পর বঞ্চিতরা অনেকটাই নীরব রয়েছেন; কোথাও কোথাও ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন।
অপরদিকে ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রকৌশলী এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আক্তারুল আলম ফারুক, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইয়াসির খান চৌধুরী দলীয় বিরোধের মুখে রয়েছেন।
মনোনয়ন বঞ্চিত নেতারা মাঠে প্রচারে রয়েছেন এবং প্রত্যাশায় আছেন ঘোষিত প্রার্থী পরিবর্তনের। কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনের কথাও বলছেন।
এ চার আসনে বিএনপির শক্তিশালী অবস্থান রয়েছে এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বতা করে বারবার জয়ের ইতিহাসও রয়েছে। কিন্তু দলীয় কোন্দলের মুখে পড়লে এসব আসনে ধানের শীষ বিপদে পড়তে পারে।
এছাড়া জেলার ১১টি আসনের মধ্যে সাতটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন।
টুকিটাকি
২ উপজেলার দুজন, ভোটারারা কি ‘এক’ হবেন
আসনটি স্বাধীনতার পর কিংবা নব্বই পরবর্তী সময়ে বেশির ভাগ সময় আওয়ামী লীগের দখলে ছিল। আড়াই দশক পর এবার সেখানে বদলের
সুযোগ এসেছে।
ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি জেলা ছাত্রদলের সাবেক নেতা।
তাকে দলীয় বিরোধের মুখে পড়তে হচ্ছে। মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য (১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ) ও উত্তর জেলা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ জোরেশোরেই প্রচার চালাচ্ছেন। তার সমর্থকরা প্রার্থিতা পরিবর্তনের দাবিতেও আন্দোলন করছেন। বাশার স্বতন্ত্র প্রার্থী হবেন এমন প্রচারও রয়েছে।
অনেকে মনে করেন, এ আসনে উপজেলাভিত্তিক ভোটাররা ভাগ হয়ে যেতে পারে। কারণ, বাশার ফুলপুর এবং মোতাহার তারাকান্দা উপজেলার বাসিন্দা। দুই উপজেলার ভোটাররা স্ব স্ব উপজেলার প্রার্থীকে প্রাধান্য দিয়ে ভোট দিতে পারেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়ে বহিষ্কার হন। তিনিও ভোটে প্রভাব রাখতে পারেন।
আবুল বাশার বলেন, “যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোটারদের পছন্দ হয়নি। তাই পরিবর্তনের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ কর্মসূচি করছে। প্রার্থী পরিবর্তন না হলে ধানের শীষ এখানে বিজয়ী হবে না। মানুষ সন্ত্রাস চাঁদাবাজি পছন্দ করে না। ৫ অগাস্টের পর কারা এলাকায় কী করছে সবার জানা।”
মোতাহার হোসেন বলেন, “বিগত ১৭ বছর মাঠে ছিলাম। দলের জন্য জেল কেটেছি বহুবার। তাই দল মূল্যায়ন করেছে। সর্বোচ্চ ভোট পেয়ে এই আসনে ধানের শীষ জয়ী হবে। ব্যালেটের মাধ্যমে সব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে ভোটাররা।”
এ আসনে বিএনপির ‘দ্বন্দ্বকে’ নিজেদের সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় জামায়াত। দলের ময়মনসিংহ মহানগর কমিটির সহকারী সেক্রেটারি ও প্রার্থী আনোয়ার হাসান সুজন বলেন, “মানুষ দলাদলি-হানাহানির রাজনীতি পছন্দ করে না। তাই পরিবর্তনের লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীকেই বেছে নেবে।”
মামলা মাথায় বহিষ্কৃত নেতা ‘স্বতন্ত্রের পথে’
গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরণ। তবে শেষ পর্যন্ত দলের নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম ইকবাল হোসাইন মনোনয়ন পেয়েছেন।
এরপর ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, সড়ক ও রেলপথ অবরোধ করে হিরণের অনুসারীরা। দুপক্ষের সংঘর্ষও বাঁধে; ওই সময় হৃদরোগে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়। সেদিন রাতেই হিরণসহ পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়।
সমর্থকদের ভাষ্য, হিরণ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।
হিরণ বলেন, “আমাদের নারী সমাবেশে হামলার ঘটনা ঘটিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে এম ইকবাল হোসাইনের অনুসারীরা। পরে উল্টো আমাদের বহিষ্কার করা হয়। বিষয়টি ভোটাররা ভালোভাবে নেয়নি।”
মনোনয়ন পাওয়া ইকবাল বলেন, “মানুষ সন্ত্রাস-নৈরাজ্য পছন্দ করে না। দল আমাকে ভালো ভেবেই মনোনয়ন দিয়েছে। এর আগেও আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
“যারা প্রতিবাদ করছে তাদেরকে বলব, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের বিজয়ের পক্ষে কাজ করুন।”
এছাড়া বিএনপির সাবেক নেতা আশরাফুর ইসলাম সেলিম যিনি কবি সেলিম বালা নামে পরিচিত তিনি এনসিপি থেকে প্রার্থী হয়েছেন।
বিএনপির কোন্দলে জামায়াতে ইসলামীর সুবিধা হতে পারে বলে অনেকে মনে করেন। এ আসনে জামায়াতের উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামানকে প্রার্থী করেছে।
কোন্দলে ‘সুযোগ’ খুঁজছে জামায়াত
ফুলবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থী করেছে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুল আলম ফারুককে। এখানে মনোনয়ন বঞ্চিত হয়েছে আব্দুল করিম সরকার। মনোনয়ন ঘোষণার পর থেকেই এখানে করিম সরকারের সমর্থকরা বিক্ষোভ করছেন।
১৯৯১ সালের পর বিএনপি এখানে আর কখনই জিততে পারেনি। এবার যে সুযোগ এসেছিল তা দলীয় কন্দোল সর্বনাশ ডেকে আনতে পারে বলে অনেক মনে করছেন। এ সুযোগ নিতে পারে জামায়াতের প্রার্থী। কেননা তাদেরও একটি ভালো ‘ভোট ব্যাংক’ রয়েছে। বিভিন্ন নির্বাচনে তার প্রমাণও রেখেছে দলটি।
এ আসনে জামায়াতের প্রার্থী জেলা কমিটির নায়েবে আমির কামরুল হাসান মিলন।
বিএনপি প্রার্থী আক্তারুল আলম ফারুক বলেন, “দলীয়ভাবে কিছুটা বিরোধ থাকলেও নির্বাচনে খুব বেশি প্রভাব পড়বে না।”
বিএনপি-বিএনপি ‘লড়াই’
ময়মনসিংহ-৯ (নান্দাইল উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তিনি প্রয়াত সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে।
নেতাকর্মীদের তথ্য বলছে, এখানে বিএনপি পাঁচ ভাগে বিভক্ত। ইয়াসের খানের বিরোধীদের একজন তারই চাচাত ভাই নাসের খান চৌধুরী।
এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম শামছ ও মামুন বিন আব্দুল মান্নান। তারা এখনও সরব রয়েছেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে মিছিল মানববন্ধনসহ বিভিন্ন কার্যক্রম চালানোর মাধ্যমে।
আনোয়ারুল মোমেন বলেন, “যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার জনপ্রিয়তা একেবারেই শূন্যের কোঠায়।”
ইয়াসের খানের সমর্থকদের ভাষ্য, ভোটের চূড়ান্ত প্রচার শুরু হলে সবাই একপক্ষ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন।
জামায়াত এ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। আসনটি তারা বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁনকে ছেড়ে দিতে পারে বলে আলোচনা রয়েছে।
বিএনপি নাকি জোটের প্রার্থী
ময়মনসিংহ-১০ আসনে (গফরগাঁও উপজেলা) এখনও বিএনপি কোনো প্রার্থী দেয়নি। দলের অন্তত পাঁচজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। বিএনপির সঙ্গে জোটে আছে এমন দুটি শরিক দলও আসনটি চায়।
ফলে এখানে বিএনপির কেউ প্রার্থী হবেন না কি শরিক এলডিপি কিংবা জমিয়তে উলামায়ে ইসলাম থেকে প্রার্থী করা হবে তা এখনো স্পষ্ট নয়।
এখন পর্যন্ত মনোনয়ন দৌড়ে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ বি সিদ্দিকুর রহমান, সাবেক সংসদ সদস্য প্রয়াত ফজলুর রহমান সুলতানের ছেলে জেলা বিএনপির নেতা মুশফিকুর রহমান, ডা. মোফাখখারুল ইসলাম রানা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আলমগীর মাহমুদ আলম।
জমিয়তে উলামায়ের নেতাকর্মীরা সম্প্রতি ময়মনসিংহ শহরে সংবাদ সম্মেলন করে মাওলানা আব্দুল্লাহ আল বাকীকে জোটের প্রার্থী করার দাবি জানিয়েছেন।
অপরদিকে প্রচারে রয়েছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মোরশেদ। তিনি ২০১৮ সালে ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ আসনে জামায়াতের প্রার্থী উপজেলা কমিটির আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
ময়মনসিংহ-১: কেন্দ্রীয় নেতাকে বেছে নিল বিএনপি
গারো পাহাড়ের পাদদেশের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়া নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে প্রায় অর্ধলক্ষ গারো, হাজংসহ অন্যান্য আদিবাসী ভোটার রয়েছেন।
এ আসনে ‘প্রভাবশালী প্রার্থী’ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এরপরও তিনটি পক্ষের সক্রিয় অবস্থান রয়েছে। তার মনোনয়ন বাতিলের দাবিতে মিছিলও হয়েছে। তবে বিরোধের পরিমাণ এখন কমছে।
এখানে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমানকে জামায়াতের প্রার্থী করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মো. আবু রেহান। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম।
ময়মনসিংহ-৪
মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ মনোনয়ন পেয়েছেন।
মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল প্রচারে নেমেছেন। প্রচার চালাচ্ছেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।
বাংলাদেশ খেলাফত মজলিস থেকে এখানে প্রার্থী হয়েছেন মোশতাক আহমদ ফারুকী।
ময়মনসিংহ-৫
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা উপজেলা) আসনে বিএনপির প্রতিনিধিত্ব করছেন দক্ষিণ জেলা ইউনিটের আহ্বায়ক এবং সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেনের ছোট ভাই জাকির হোসেন বাবলু। তিনি দীর্ঘদিন ধরে মাঠ দখলে রাখায় দলীয় কোন্দল নেই।
২০০৮ এর নির্বাচনে বাবলু ৪০ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের কে এম খালিদের কাছে পরাজিত হয়েছিলেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এ আসনে সহজ জয়ের কথাই ভাবছেন তার অনুসারীরা।
তবে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রার্থী হিসেবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা চালাচ্ছেন।
এ আসনে সংখ্যালঘুদের বিশাল ভোট ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে কাজ করতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
জাতীয় নাগরিক পার্টির মিয়াজ মেহরান তালুকদার, খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম এবং গণসংহতি আন্দোলনের নজরুল ইসলাম সরকার ভোটে প্রার্থী হচ্ছেন।
ময়মনসিংহ-৭
ময়মনসিংহ-৭ (ত্রিশাল উপজেলা) আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার কথা বলছে এলকাবাসী।
এখানে বিএনপির প্রভাবশালী প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহাবুবুর রহমান লিটন। তবে ভেতরে কোন্দল থাকার কথাও বলছেন অনেকে। পদবঞ্চিত বিএনপির একাধিক নেতা অন্য কোনো প্রার্থীকে গোপনে সমর্থন দিতে পারেন এমন গুঞ্জনও রয়েছে।
লিটন ২০০৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের রেজা আলীর কাছে ৭৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তার বিপরীতে ‘স্বতন্ত্র প্রার্থী’ হওয়ার ঘোষণা দিয়েছেন দলের সাবেক এমপি আব্দুল খালেকের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত।
এ সুযোগ নিতে জামায়াতের প্রার্থী ময়মনসিংহ মহানগর কমিটির নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল প্রচার জোরদার করেছেন।
এনসিপি থেকে এটিএম মাহাবুব-উল আলম, খেলাফত মজলিস থেকে দেয়াল ঘড়ি প্রতীকে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন। বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী হয়েছেন আব্দুল কুদ্দুস শিকদার।
ময়মনসিংহ-৮
ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে প্রথমবারের মত বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। জুলাই আন্দোলনে অর্থ যোগানদাতা হিসেবে গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
তবে সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন মনোনয়নের আশা ছাড়েননি। যদিও তার কর্মী-সমর্থকদের আর আগের মত সক্রিয় দেখা যাচ্ছে না।
উপজেলা জামায়াতের আমির মঞ্জুরুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলাফত মজলিসের আহমদ হোসেন আহমদ হোসেন ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাদের ফরাজি এবং ব্যাংক কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম ইমন স্বতন্ত্র হিসেবে প্রচার চালিয়ে যাচ্ছেন।
ময়মনসিংহ-১১
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকা উপজেলার এ আসনে একাধিক শিল্পপতি ও ব্যবসায়ী ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায়। শেষ পর্যন্ত দলের সাবেক উপজেলা আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু মনোনয়ন পেয়েছেন।
তবে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলমের অনুসারীরা বাচ্চুর প্রার্থিতা বাতিল চেয়ে মশাল মিছিল করলে দলীয় কোন্দলের বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি এখনও প্রচার চালিয়ে যাচ্ছেন। এ কোন্দল নিরসন না হলে তা বিএনপির মাথাব্যাথার কারণ হতে পারে।
এ আসনে উপজেলা আমির সাইফ উল্লাহ পাঠানের নাম ঘোষণা করেছে জামায়াত। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মামুনুর রশিদ। গণসংহতি থেকে প্রার্থী হয়েছেন খালেদ হোসাইন।
আরও পড়ুন
