২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু-কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মাণ, ঝুঁকিতে ৭ হাজার একর জমির চাষ

গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর ইউনিয়নের ওই সড়কের উত্তর পাশে উত্তরপাড়া-ধলগ্রাম বিল আর দক্ষিণ পাশে উত্তরপাড়া-কাজীপাড়া বিল।

সেতু-কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মাণ, ঝুঁকিতে ৭ হাজার একর জমির চাষ
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে একটি কালভার্টের মুখে মাটি ভরাট করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 09:31 AM

Updated : 26 Aug 2026, 12:42 PM

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে তিনটি সেতু ও কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া আরও একটি কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছে।

এটি বন্ধ হয়ে গেলে বর্ষায় ওই গ্রামের দুটি বিলের অন্তত সাত হাজার একর জমিতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। এতে বিল দুটিতে চাষাবাদ ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা কৃষকের।

এসব সেতু ও কালভার্ট রক্ষায় গ্রামবাসীর পক্ষ থেকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও এম রকিবুল হাসান।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়ক থেকে একটি সড়ক গোপীনাথপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের দিকে চলে গেছে। গ্রামে প্রবেশের মুখে এ সড়কের প্রথম মোড়ে একটি বক্স কালভার্ট রয়েছে। এ কালভার্টের মাধ্যমে বিলের পানি নিষ্কাশন হয়।

কালভার্টের দক্ষিণপাশে মাটি ফেলে একটি অংশ ভরাট করা হয়েছে। তারও দক্ষিণে জমির মালিক শহিদ মিয়া বালু দিয়ে আড়া-আড়ি বাঁধ দিয়েছেন। এতে কালভার্ট দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।

তার সঙ্গে কথা বলে জানা গেছে, এখন কালভার্টের কোল ঘেঁষে বালু ফেলবেন তিনি। যেখানে বাড়ি নির্মাণ করবেন তিনি। 

তার পাশের জমির মালিক লিয়াকত খাঁ বাঁশ দিয়ে জমি ঘিরে রেখেছেন।তিনিও সেখানে বাড়ি নির্মাণের আয়োজন করছেন তাই এখন বালু ফেলে জমি ভরাট করবেন বলে জানিয়েছেন। 

এ ছাড়া অনেক আগে ওই সড়কের রাজ্জাক শরীফ, লায়েক আলী মিয়া এবং তারেক মিয়া তাদের বাড়ির সামনের সেতু ও কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মাণ করেছেন।

উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মশিউর রহমান বলেন, নিম্ন জলাভূমি বা বিল বেষ্টিত গ্রাম উত্তরপাড়া। যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য ১৯৮৪ সালে এ গ্রামের মধ্য দিয়ে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ করে সরকার। সড়কের উত্তর পাশে উত্তরপাড়া-ধলগ্রাম বিল। 

এ বিলে সাড়ে তিন হাজার একর ফসলি জমি। আর সড়কের দক্ষিণ পাশে উত্তরপাড়া-কাজীপাড়া বিল। এ বিলেও সাড়ে তিন হাজার একর ফসলি জমি রয়েছে। বর্ষাকালে বিল দুটিতে বৃষ্টির পানির ওপর নির্ভর করে চাষাবাদ করা হয়। তাই বর্ষায় পানি নিষ্কাশনের জন্য সড়কের সঙ্গে খাল ও নালায় প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়। 

এ বিলের জমিতে সারাবছর ধান, পাট, সরিষা, তিল, মসুর, খেসারীসহ বিভিন্ন ফসল ফলে; যা দিয়ে গ্রামের ৮০ ভাগ পরিবার জীবিকা নির্বাহ করেন বলে জানান মশিউর রহমান।

ওই গ্রামের কৃষক শাহ আলম মোল্লা বলেন, “সড়ক নির্মাণের আগে গ্রামের বাড়িগুলো বিলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তখন বর্ষায় নৌকা ও শুকনা মৌসুমে হেঁটে বাড়ি যেতে হত। প্রত্যেক পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন খাল-বিলে নৌকা চলে না। 

“তাই সড়কের পাশে অনেকে সেতু ও কালভার্ট বন্ধ করে বাড়িঘর নির্মাণ করেছেন। তবে সব বন্ধ হয়ে গেলে দুই বিলে জলাবদ্ধতা দেখা দেবে। এতে চাষাবাদ বন্ধের ঝুঁকি রয়েছে। আর ফসল না হলে জীবন-জীবিকা স্থবির হয়ে পড়বে।”

কৃষক কেরামত আলী সরদার বলেন, আগেই তিনটি সেতু ও কালভার্ট বন্ধ করা হয়েছে। এখন আরও একটি কালভার্ট বন্ধ করা হচ্ছে। এতে দুটি বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দেবে। ব্যাহত হবে চাষাবাদ। তাই কৃষির স্বার্থে সেতু ও কালভার্টগুলো রক্ষা করা দরকার।

কালভার্টের মুখে মাটি ফেলার কথা স্বীকার করে শহিদ মিয়া বলেন, “পৈতৃক সম্পত্তিতে বাড়ি নির্মাণ করব। কালভার্ট আমাদের জমির পাশে পড়েছে। অনেক আগে থেকেই ওই এলাকার কয়েক বাসিন্দা এ রাস্তার সেতু ও কালভার্টের মুখ বন্ধ করে বাড়িঘর নির্মাণ করেছেন।”

শহিদের পাশের জমির মালিক লিয়াকত খাঁ বলেন, “আমি গরিব মানুষ। আমার ভাগে সামান্য একটু পৈতৃক জায়গা পড়েছে। আমার আর কোনো জমি জায়গা নেই। তাই ওই জমিতে বালু ভরাট করে বাড়ি করার জন্য বাঁশ দিয়ে ঘিরে রেখেছি।”

ইউএনও এম রকিবুল হাসান বলেন, “গত শুক্রবার গ্রামবাসীর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পরিদর্শনে আমাদের টিম যাবে। তাদের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”