২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ডেঙ্গুতে নির্মাণ শ্রমিকের মৃত্যু, এক মাসে আক্রান্ত ২২৩

আক্রান্তদের মধ্যে ৪৬ জন মাগুরা ২৫০ শয্যার হাসপাতালসহ চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 11:15 PM

Updated : 27 Jul 2023, 11:15 PM

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে; জেলায় এক মাসে আক্রান্ত হয়েছে ২২৩ জন।

বৃহস্পতিার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর কথা জানান মাগুরার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান।

মৃত ব্যক্তির নাম সোহেল মণ্ডল (১৮)। তিনি মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের রাকু মণ্ডলের ছেলে, পেশায় ছিলেন নির্মাণ শ্রমিক।

সিভিল সার্জন বলেন, মঙ্গলবার সোহেল ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে বুধবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একদিন পর সেখানেই তার মৃত্যু হয়।

এটিই মাগুরায় প্রথম ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু জানিয়ে শহিদুল্লাহ দেওয়ান আরও বলেন, গত ২৬ জুন মাগুরায় প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। এ পর্যন্ত ২২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৪৬ জন মাগুরা ২৫০ শয্যার হাসপাতালসহ চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

বুধবার থেকে ২৪ ঘণ্টায় জেলায় ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।