১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামের ‘শিক্ষকের হাতে’ অধ্যক্ষ লাঞ্ছিত

“অধ্যক্ষ মিনহাজুলকে শারীরিক ভাবে লাঞ্ছিতও করে। পরে সেখানে উপস্থিত লোকজন অধ্যক্ষকে সরিয়ে দেন।”

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 09:14 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি মাদ্রাসার অধ্যক্ষ তারই প্রতিষ্ঠানের এক শিক্ষকের হাতে লাঞ্ছিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার পুরতান বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ভিটা ইসলামি ফাজিল মাদ্রাসার প্রভাষক মহুবর রহমান জানান।   

এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মো. তাইবুর রহমান। যাকে লাঞ্ছিত করেছেন, তিনি মাদ্রাসার অধ্যক্ষ মিনহাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মাদ্রাসার প্রভাষক মহুবর বলেন, “রাজার ভিটা ইসলামি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিনহাজুল ইসলামের নেতৃত্বে মাদ্রাসার একদল শিক্ষার্থী সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠান পরিষ্কারে অংশ নেয়। মিনহাজুল শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করতে গেলে হঠাৎ করে সহকারী শিক্ষক তাইবুর রহমান অতর্কিত ভাবে তার ওপর চড়াও হন।

“এ সময় তিনি অধ্যক্ষ মিনহাজুলকে শারীরিক ভাবে লাঞ্ছিতও করে। পরে সেখানে উপস্থিত লোকজন অধ্যক্ষকে সরিয়ে দেন।”

অধ্যক্ষ মিনহাজুল বলেছেন, “ওই শিক্ষককে নানা অনিয়মের অভিযোগে একাধিকবার কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। সেই ক্ষোভ থেকে হঠাৎ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রমে লোকজনের সম্মুখে আমার ওপর চড়াও হয়ে আমাকে লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।” 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক তাইবুর বলেন, “ওই সময় অধ্যক্ষের কাছে টিউশন ফি সম্পর্কে জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন।”

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, “ঘটনাটি আমাকে জানানো হয়েছে। অধ্যক্ষকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”