২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুই বোনকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

রিফাত দুই বোনকে হত্যা করেছেন; আরিফ প্রধান আসামি রিফাতকে আলামত গোপনে সহযোগিতা করেছেন।

রংপুরে দুই বোনকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

রায় ঘোষণার পর রিফাত ও আরিফকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 07:25 PM

Updated : 09 Feb 2023, 07:52 PM

রংপুর নগরে দুই বোনকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড ও তার সহযোগীর সাত বছর কারাদণ্ড হয়েছে।

বৃহস্পতিবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহফুজার রহমান রিফাত (২৪) নগরীর বাবুখা মধ্যপাড়া মহল্লার বাসিন্দা।

সাত বছর দণ্ড হয়েছে রিফাতের সহযোগী রংপুর সদর উপজেলার শাহাবাজপুর কলার খামার এলাকার আরিফুল ইসলাম আরিফের (২৭)।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাতে মধ্যগণেশপুর এলাকায় বাড়িতে কেউ না থাকায় ১৭ বছর বয়সী এক কিশোরী তার ১৪ বছর বয়সী চাচাত বোনকে তাদের বাড়িতে এনে রাখেন। প্রেমের সম্পর্কের কারণে ওই রাতে সে বাড়িতে বড় বোনটির কাছে যান নগরীর মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র রিফাত। সেখানে বড় বোনের সঙ্গে রিফাতের কথাকাটাকাটির জেরে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন রিফাত।

মামলায় আরও বলা হয়, ওই সময় ছোট বোন অন্য ঘরে থাকলেও পরে ঘটনাটি জেনে যান। তখন তাকেও শ্বাসরোধে হত্যার পর আয়নার ভাঙা কাচ দিয়ে গলায় আঘাত করে মেঝেতে ফেলে পালিয়ে যান রিফাত।

এ ঘটনার পরদিন [১৮ সেপ্টেম্বর] ঘটনাস্থল থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন এক কিশোরীর বাবা। তিন দিন পর [২০ সেপ্টেম্বর] রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। রিফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে রিফাত ও আরিফের বিরুদ্ধে ২০২১ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মজনু মিয়া ও আল-আমিন।

মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি খন্দকার রফিক হাসনাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহফুজার রহমান রিফাতের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি আরিফুল ইসলাম ওরফে আরিফ মামলার আলামত নিজ দখলে রেখে এবং প্রধান  আসামিকে আলামত গোপনে সহযোগিতার করায় সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া আরিফের বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে।