২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

ছিনতাইকারীর কবলে পড়ে কিংবা পূর্ব শত্রুতার জেরে রোকন খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 06:40 PM

Updated : 29 Aug 2022, 06:40 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সোমবার সকালে ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় মরদেহ পাওয়া যায়।

নিহত রোকন (২৪) ওই এলাকার প্রয়াত রফিক মিয়ার ছেলে।

রোকনের বড় ভাই দিদার জানান, ভাড়ায় ইজিবাইক (অটোরিকশা) চালাতের রোকন৷ ইজিবাইক চালানোর উদ্দেশ্যে রোববার রাত ১০টায় বাসা থেকে বের হন৷ এরপর থেকে তার খোঁজ ছিল না৷ সকাল সাড়ে ১০টায় ছোট ভাই লিটনের মাধ্যমে রোকনের মৃত্যুর খবর পান৷

অটোরিকশার গ্যারেজ মালিক ফয়সাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোকন যখন যে কাজ পেত তাই করত৷ রাতে প্রায় সময় ইজিবাইক চালাত৷ গত রাতেও সে গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে বের হয়৷”

অটোরিকশার মালিক নূর আলম বলেন, “অন্যান্য সময় মধ্যরাতের আগেই সে ফিরে আসে৷ গতরাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আর ফেরেনি৷ সারারাত কোনো খোঁজ না পেয়ে গ্যারেজেই বসেছিলাম। সকালে তার লাশ পাওয়া গেছে বলে শুনতে পাই৷ কিন্তু ইজিবাইকটি পাওয়া যায়নি৷”

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, গ্যারেজ মালিক অটোরিকশা নিয়ে বের হওয়ার কথা বললেও মরদেহের আশপাশে অটোরিকশাটি পাওয়া যায়নি৷ নিহতের গলা, বুক ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে৷

“প্রাথমিকভাবে ছিনতাইকারীর কবলে পড়ে রোকন খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার পূর্ব শত্রুতার ঘটনাও থাকতে পারে৷”

মরদেহ ময়নাতদনেতর জন্য মর্গে পাঠানো হয়েছে; এ ঘটনায় মামলা হবে বলে তিনি জানান৷