পঞ্চগড়ে পুকুরে ভাসছিল নিখোঁজ তরুণীর লাশ
তিন দিন আগে প্রাইভেট পড়তে গিয়ে ওই তরুণী নিখোঁজ হয় বলে জানান স্বজনরা।
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিনের মাথায় পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজী সাকোয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বোদা থানার ওসি মো. সেলিম মালিক।
নিহত ধরিত্রী রানী (২০) ওই গ্রামের ক্ষিতীশ চন্দ্রের মেয়ে। তিনি স্থানীয় সাকোয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে ধরিত্রী সাকোয়া বাজারে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিন দিন পর দুপুরে বাড়ি থেকে কিছু দূরে একটি পুকুরে ধরিত্রীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি সেলিম মালিক বলেন, নিহতের স্বজনরা নতুন করে এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ করেননি। অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
