১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বৌভাতের অনুষ্ঠানে মাংস দিতে দেরি হওয়ায় সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে সংঘর্ষে আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 09:30 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

মাদারীপুরের শিবচর উপজেলায় বৌভাতের অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন।

আহতদের মধ্যে হেমায়েত ঢালীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পৌরসভার সিডি রোড এলাকার রিপন দেওয়ানের মেয়ে ফাতেমাতুজ জোহরার সঙ্গে মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর পারিবারিকভাবে বিয়ে হয়। শনিবার দুপুরে বরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়।

পুলিশ জানায়, খাবার পরিবেশন করার সময় মুরগির রোস্ট (মুরগির মাংস) দিতে দেরি হওয়ায় কনেপক্ষের একজন রেগে যান। এ সময় বরপক্ষের লোকজনের সঙ্গে ওই ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কনেপক্ষের লোকজন খলিল বেপারীর লোকজনের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

এতে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ অন্তত ১০ জন আহত হন। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে হেময়াতে ঢালীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বৌভাতের অনুষ্ঠানে আসা অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মোক্তার হোসেন।