২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রবাসী শাশুড়ির পাঠানো টাকা না পেয়ে’ স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা

জয়পুরহাটে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

‘প্রবাসী শাশুড়ির পাঠানো টাকা না পেয়ে’ স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা
আক্কেলপুর থানা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 07:33 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলায় সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো টাকা না পেয়ে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার দুপুরে উপজেলার হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন।

এ ঘটনার পর থেকে জামাই রুবেল হোসেন পলাতক আছেন। তিনি শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকেন। রুবেল নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- রুবেলের স্ত্রী মৌ আক্তার মিতু (২৫) ও তার খালা আলেয়া বেগম (৬৫)। আহত নীরব হোসেন (২২) জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিতুর সঙ্গে বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুর বাড়িতে থাকেন রুবেল। তাদের আট বছরের একটি মেয়ে আছে। মিতুর মা কমলা বেগম সাত বছর আগে সৌদি আরব যান।

কমলা বেগম সৌদি আবর থেকে তার মেয়ের ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠাতেন। সেই টাকায় মিতু সংসারে খরচ চালানোর পাশাপাশি সঞ্চয় করতেন।

মিতুর কাছে সেই টাকা চেয়ে না পেয়ে সোমবার স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করেন রুবেল। এ সময় রুবেলের শ্যালক নীরব তার বোন ও খালাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন, আর মিতুকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

বগুড়ায় নেওয়ার পথে মিতু মারা যান বলে জানায় পুলিশ।

ওসি নয়ন হোসেন বলেন, খবর পেয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

‘চাকরির জন্য নেওয়া’ টাকা ফেরত না পেয়ে ব্যক্তিকে পিটিয়ে হত্যা

জয়পুরহাট সদর উপজেলায় চাকরির জন্য নেওয়া টাকা ফেরত না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির।

নিহত আব্দুল মজিদ বুলু (৪৫) পাঁচবিবি উপজেলার বৃদ্দীগ্রামের আব্দুর রহমানের ছেলে। 

ওসি হুমায়ুন কবির বলেন, “আব্দুল মজিদ চাকরি দেওয়ার কথা বলে বেশ কিছুদিন আগে তার ভাতিজি জামাই সদর উপজেলার চক বরকত গ্রামের খাইরুল ইসলামের কাছ থেকে দেড় লাখ টাকা নেন।

“চাকরি দিতে না পারায় আব্দুল মজিদের কাছ থেকে টাকা ফেরত চান খায়রুল। রোববার বিকালে আব্দুল মজিদকে জেলা শহরের কাশিয়াবাড়ী স্কুল এলাকায় থেকে ধরে নিয়ে গিয়ে মারপিট করেন খাইরুল ও তার সহযোগীরা।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান বলে জানান ওসি।

এ ব্যাপারে মামলার প্রস্তুতিসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।