নেপাল-ভুটানের বিচার ব্যবস্থার সঙ্গে আমাদের মিল আছে: প্রধান বিচারপতি
তিনি বলেন, “তাদের সঙ্গে বাংলাদেশের বিচার ব্যবস্থার কিছুটা বৈসাদৃশ্য থাকলেও অধিকাংশেই মিল রয়েছে।”
নেপাল ও ভুটানের বিচার ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের মিল আছে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি বলেছেন, “দুই বন্ধু প্রতিম দেশ নেপাল ও ভুটান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অভূতপূর্ব সমর্থন, সহমর্মিতা প্রকাশ করেছে। তাদের সঙ্গে বাংলাদেশের বিচার ব্যবস্থার কিছুটা বৈসাদৃশ্য থাকলেও অধিকাংশেই মিল রয়েছে।”
শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, “বাংলাদেশে সফররত নেপাল ও ভুটানের বিচারপতিগণ গতকাল বঙ্গবন্ধু জাদুঘর দেখেছেন। এছাড়া তাদের বঙ্গবন্ধুর সমাধিতে আসার আগ্রহ ও বঙ্গবন্ধুর প্রতি সম্মানবোধ প্রদর্শন সত্যিই আমাদের অভিভূত করেছে।”
এর আগে নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাই কোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগিকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বঙ্গবন্ধু, ১৫ অগাস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
এ সময় গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টু্ঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস হোসেন, থানার ওসি খন্দকার আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।
