সিরাজগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী নেতা কারাগারে
রায়গঞ্জের একটি বাজারে হার্ডওয়ারের দোকানে ভাঙচুর ও মালিককে মারধরের মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে জামিন পেয়েছেন তার এক সহযোগী।
বৃহস্পতিবার রায়গঞ্জ আমলী আদালতে হাজির হয়ে ওই নেতা জামিন আবেদন করলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভীন আক্তার তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতের পরিদর্শক রওশন ইয়াজদানী।
কারাগারে যাওয়া ফাহিম বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। জামিন পেয়েছেন ফাহিমের সহযোগী মোন্তাসির।
এর আগে রোববার দুপুরে উপজেলার চান্দাইকোনা বাজারে একটি হার্ডওয়ারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালিককে মারধর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে ব্যাপক সমালোচনা হয়।
পরে ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম বিশ্বাসসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
