সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার বিরুদ্ধে দোকানে হামলার অভিযোগ
এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক হার্ডওয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।
এদিকে এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বলেন, “কয়েক দিন আগে বাজারের এক মিস্ত্রী দোকান থেকে কিছু হার্ডওয়ার পণ্য ক্রয় করেন। রোববার দুপুরে সেই মিস্ত্রী একটি পণ্য নষ্ট অবস্থায় বদলানোর জন্য দোকানে আসেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।
“এরপর সেই মিস্ত্রী ফিরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক ফাহিম বিশ্বাসসহ ১০-১৫ জনকে নিয়ে আমার দোকানে হামলা চালায়।”
এ ব্যবসায়ী আরও বলেন, “তারা আমাকে দোকানের ভিতর মারধর শুরু করে। দোকানের মালামাল ও শাটার ভাঙচুর এবং নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। আমি ঘটনার বিচার চাই।”
এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক ফাহিম বিশ্বাসের মোবাইলে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মোন্তাসির মেহেদী হাসান বলেন, “বিষয়টি জানা নেই। দেখি খোঁজ নিচ্ছি।”
পরে রোববার সন্ধ্যায় রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করার জন্য থানায় এসেছেন। তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
