রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রাজবাড়ীর পাংশা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও দুইজন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পাংশা হাইওয়ে থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা জানান।
মৃত ট্রাক চালক ইউসুফ প্রামাণিক (৫০) ফরিদপুর সদর উপজেলার গোল চত্বর এলাকার হানিফ প্রামাণিকের ছেলে।
আহতরা হলেন- কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর গ্রামের সুমন বিশ্বাস ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নিজামুদ্দিন। তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাংশা হাইওয়ে থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে উঠছিল। পথে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি লোকাল বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক চালক ও বাসের দুই যাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা ইউসুফকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা এসআই সালাউদ্দিনের।
তিনি বলেন, বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।
