১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রেনুর বিরুদ্ধে মামলা হয়েছে।

কিশোরগঞ্জে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা
রেনু মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 12:21 AM

Updated : 17 Sep 2026, 03:00 AM

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা।

সোমবার বিকালে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন।

পালিয়ে যাওয়া মো. রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে রেনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে লোকজনের ভিড়ের সুযোগে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান রেনু মিয়া।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রেনু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ওসি বলেন, রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।