গলায় খেজুর আটকে যাওয়ার দুদিন পর শিশুর মৃত্যু
শিশুটির স্বজনরা জানান, কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে-এর রিপোর্টে গলার সমস্যা নেই বলে জানানো হয়েছিল।
কুড়িগ্রামের উলিপুরে গলায় খেজুর আটকে যাওয়ার দুদিন পর এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উলিপুরের নন্দু নেফরা এলাকায় এ ঘটনা ঘটে বলে উপজেলার গুনাইগাছ ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান।
সাত বছর বয়সী মনজিল মিয়া ওই এলাকার সোলেমান মিয়ার ছেলে।
শিশুটির স্বজনদের বরাতে ইউপি চেয়ারম্যান জানান, গত শুক্রবার
বিকালে খেতে গিয়ে একটি খেজুর মনজিলের গলায় আটকে যায়। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।
শিশুটির চাচা মাসুদ রানা বলেন, কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তাকে সেখানে না নিয়ে কুড়িগ্রামের একটি ডায়াগনিস্টিক সেন্টারে গলার এক্স-রে করানো হয়। রিপোর্টে গলার সমস্যা নেই বলে জানান ওই ডায়াগনস্টিকের চিকিৎসক। তাই তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল।
মাসুদ রানা আরও বলেন, রোববার সকাল ১০টার দিকে মনজিল হঠাৎ তার গলায় তীব্র ব্যথা অনুভব করে জ্ঞান হারায়। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মনজিলকে মৃত ঘোষণা করেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া জেরিন বলেন, হাতপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
