চাচিকে গলাকেটে হত্যার অভিযোগ ভাসুরপুত্রের বিরুদ্ধে
পুলিশ বলছে, বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল; এর জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে ও গলাকেটে করে হত্যার অভিযোগ উঠেছে তার ভাসুরের ছেলেদের বিরুদ্ধে।
শুক্রবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান।
মৃত আয়েশা আক্তার পলি (৩০) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।
ওসি বলেন, বাড়ির রাস্তা নিয়ে সৌদি আরব প্রবাসী আক্তার মিয়ার সঙ্গে তার সৎ ভাই গাবরু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ধরে সকালে গাবরুর ছেলেদের সঙ্গে আয়েশার কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে গাবরুর ছেলে মামুন ও মাসুকসহ তাদের লোকজন আয়েশার ঘরে ঢুকে তাকে বটি দিয়ে কুপিয়ে ও গলাকেটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
