বর্ষণে তলিয়ে যাওয়ায় কিশোরগঞ্জ-ভৈরব লাইনে বন্ধ ট্রেন চলল ৪ ঘণ্টা পর
লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার।
কিশোরগঞ্জে অতি বৃষ্টিতে তলিয়ে চলাচলে অনুপযোগী হওয়া কিশোরগঞ্জ-ভৈরব লাইনে ট্রেন প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, সকাল ১১টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ ছাড়া গত শুক্রবার টানা বৃষ্টির কারণে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ও কানিকাটা এলাকার লাইনের এক কিলোমিটার অংশ পানিতে তলিয়ে যায়। এতে সকাল ৯টা থেকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
স্টেশন মাস্টার মিজানুর জানান, অতি বর্ষণে জেলার মানিকখালি ও হালিমপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় লাইনের নিচের মাটি সরে গিয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভৈরব থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারো সিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়ে।
অপরদিকে, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়ে।
লাইন মেরামত শেষে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান।
