এক দিনে মিয়ানমারের সেনা ও বিজিপির ১৮ সদস্য পালিয়ে এল
এখন বাংলাদেশের বিজিবির হেফাজতে মিয়ানমারের মোট ২১৪ বিজিপি ও সেনাসদস্য রয়েছেন।
মিয়ানমারের চলমান সংঘাতের জেরে এক দিনে দেশটির সেনা ও বিজিপির আরও ১৮ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এই ১৮ জন পালিয়ে আসে বলে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান।
বিজিবি জানায়, সকালে রেজুপাড়া সীমান্ত দিয়ে দুজন এবং জমছড়ি সীমান্ত দিয়ে ১০ জন প্রবেশ করেন। এরপর দুপুরে বাইশফাড়ি সীমান্ত দিয়ে আরও একজন আসেন।
সর্বশেষ বিকাল সাড়ে ৪টার দিকে জমছড়ি সীমান্ত দিয়ে আরও পাঁচজন প্রবেশ করে। এই ১৮ জনের মধ্যে বিজিপি ও সেনাসদস্য রয়েছে।
জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, “তবে কোন বাহিনীর কতজন সদস্য তা এখন বলা যাচ্ছে না। অস্ত্র জমা নিয়ে তাদের নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবির হেফাজতে রাখা হয়েছে।”
এ নিয়ে তিন দিনে মোট ৩৪ জন মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে আগে থেকে ১৮০ জন রয়েছেন। এখন সংখ্যাটি ২১৪ জনে দাঁড়িয়েছে।
আগে থাকা ১৮০ জনের মধ্যে ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন। ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য।
এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন; যাদের ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।
