২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গফরগাঁওয়ে ট্রেনে নাশকতা, স্টেশনে আগুনের মামলায় আসামি ৩০০

ময়মনসিংহ রেলওয়ে এবং গফরগাঁও থানা পুলিশ এ তথ্য জানায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 06:54 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে গফরগাঁও স্টেশনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ এবং ট্রেনে নাশকতার ঘটনায় দুই মামলায় সোয়া ৩০০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন তিনজন।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন এবং গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য জানান। 

সোমবার রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আরিফ রব্বানী অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা করেন।

এর আগে রোববার রাতে গফরগাঁও পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আল আমিন জনি ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে গফরগাঁও থানায় আরেকটি মামলা করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, গফরগাঁওয়ে নাশকতার উদ্দেশ্যে নাট-বল্টু খুলে ২০ ফুট রেললাইনের পাত কেটে সরিয়ে ফেলায় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ ধারায় মামলা হয়েছে। 

রোববার গভীর রাত ২টা থেকে ৫টার মধ্যে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। 

রাজনৈতিক যোগসূত্র বর্ণনা করে মামলায় দাবি করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১০ আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা ২৭ ডিসেম্বর থেকে গফরগাঁও এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিল। এর আগেও তারা রেললাইনে মাটি ফেলে ও আগুন জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। 

অপর মামলার বাদী আল আমিন জনি বলেন, “গফরগাঁও আসনে বিএনপি আক্তারুজ্জামান বাচ্চুকে প্রার্থী ঘোষণা করে। ওই দিন আমি মিষ্টি বিতরণ করি। একপর্যায়ে এক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার অফিসে হামলা করে ও কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। 

“এ সময় অফিসের সামনে থাকা আটটি মোটরসাইকেলের একটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। অপর সাতটি মোটরসাইকেল সন্ত্রাসীরা নিয়ে যায়।” 

তিনি বলেন, “এরপর থেকে গফরগাঁও রেলস্টেশনে ভাঙচুর, ট্রেন অবরোধ ও পৌর শহরসহ আশপাশের অন্তত ৩০ থেকে ৪০ স্থানে অগ্নিসংযোগ করা হয়। এতে পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রাখে। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।” 

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন:

বগি লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

পাত সরানোয় লাইনচ্যুত ট্রেন: গতি কম থাকায় রক্ষা

ময়মনসিংহ-১০: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথে আগুন

ময়মনসিংহ-১০: মনোনয়ন বাতিলের দাবিতে ফের রেলপথ অবরোধ

ময়মনসিংহ-১০: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথে আগুন