২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাত সরানোয় লাইনচ্যুত ট্রেন: গতি কম থাকায় রক্ষা

ভোর ৫টা ১০ মিনিটে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে ঢোকার আগে এই ট্রেন দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 02:33 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত সরিয়ে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে ট্রেনটির সহকারী চালক হাসিম উদ্দিন সোমবার দুপুরে বলেন, “কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল ৫০ কিলোমিটার। স্টেশনের আগে আউটার সিগনালে ঝুঁকি থাকায় সেখানে ট্রেনটি থামানোর কথা ছিল। যার কারণে গতিসীমা ২০ কিলোমিটারে নিয়ে আসা হয়। ২০ কিলোমিটার গতি থাকা অবস্থায় দুর্ঘটনা হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

“থামানোর ১০০ গজ আগেই সেই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে পড়ে যায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি। পরে নেমে দেখি, ২০ মিটার রেললাইনের পাত অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।”

ভোর ৫টা ১০ মিনিটে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে ঢোকার আগে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। কে বা কেউ ট্রেনের রেললাইনের পাত সরিয়ে রাখে। তারাকান্দি থেকে ময়মনসিংহ রেলস্টেশন হয়ে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটিতে সহস্রাধিক যাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। তখন বাসা থেকে গিয়ে দেখি যাত্রীরা হুড়োহুড়ি করে নামছে। এমন কাজ করা মানুষের দ্বারা সম্ভব নয়। আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। যারা রেলের পাত কেটেছে তারা দেশের শত্রু। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।” 

রফিকুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, “বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। সেই সুযোগটি কাজে লাগিয়ে আওয়ামী দোসরারা এমন কাজ করে থাকতে পারে। বিএনপির পক্ষে এ কাজ করা কোনোভাবেই সম্ভব নয়।”   

রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী সিরাজ উদৌল্লা বলেন, “ঢাকা থেকে রিলিফ ট্রেন এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। রেলের পাতা খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দুপুরের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে বলে আশা করি।”

গত শনিবার দুপুরে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা বিক্ষোভ শুরু করেন। এরপর থেকে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। 

আরও পড়ুন:

গফরগাঁওয়ে 'রেললাইনের পাত সরিয়ে ফেলায়' ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ-১০: মনোনয়ন বাতিলের দাবিতে ফের রেলপথ অবরোধ

ময়মনসিংহ-১০: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথে আগুন