২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৬ নেতার দল ছাড়ার ঘোষণা

সংবাদ সম্মেলনে তারা জানান, স্বেচ্ছায় ও সজ্ঞানে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 07:37 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মীরের বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীর, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আফজাল মাসুদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও কয়েকজন নেতা।

পদত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহমান মীর।

তিনি বলেন, “আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে ওই দলের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।”

তিনি বলেন, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকবেন তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রহমান মীর বলেন, “কারও চাপ বা কোনো ধরনের প্রভাবে নয়, আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।