১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের কারাদণ্ড

একই মামলায় অপর এক নারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের কারাদণ্ড
বরিশালে আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার জন্য আবেদন দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:27 AM

Updated : 26 Aug 2026, 09:41 AM

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একটি অনলাইন নিউজ পোর্টালের এক সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও এক আসামিকে জরিমানা করেছেন বিচারক। 

বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এক আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান। 

কারাদণ্ডপ্রাপ্ত বশির আকন অনলাইন নিউজ পোর্টাল ‘পাথরঘাটানিউজ ডটকম’ এর সম্পাদক। তিনি পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল জব্বার আকনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন। 

অপরদিকে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুর রহমানের স্ত্রী আবিদা সুলতানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, আসামিদের সঙ্গে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাসপাতাল রোডের শাহীন আলমের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে ২০২১ সালে ১৯ জুলাই নিউজ পোর্টাল পাথরঘাটানিউজ ডটকমে ‘প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। 

এরপর ২৯ জুলাই একই ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর শিরোনাম দিয়ে আরও একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে আবিদা সুলতানার একটি ভিডিও বার্তা জুড়ে দেওয়া হয়। এসব সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। 

২০২১ সালের ২০ অক্টোবর শাহীন আলম মিথ্যা সংবাদ ও পোস্টের মাধ্যমে মান-সম্মান ক্ষুণ্নু করা হয়েছে- এমন অভিযোগ এনে তিনজনকে বিবাদী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। 

বিচারক দুইজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। বরিশাল পিবিআইয়ের এসআই প্রফুল্ল কুমার সিং ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। 

বেঞ্চ সহকারী বলেন, বশির আকনকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

অপর আসামি আবিদা সুলতানাকে ২৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। তিনি জরিমানার টাকা জমা দিয়েছেন।

‘পাথরঘাটানিউজ ডটকম’ এর বার্তা সম্পাদক এ এস এম জসিম জানান, বশির আকন তাদের নিউজ পোর্টালের সম্পাদক।