গোপালগঞ্জে ট্রাকচাপায় বিআরডিবির কর্মকর্তার মৃত্যু
এ ঘটনায় আহত মোটরসাইকেল চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বিআরডিবির এক কর্মকর্তার প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক আরোহী।
মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বেদগ্রামে মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান কাশিয়ানী হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্লা।
নিহত নুরুল ইসলাম সিকদার (৫০) শহরের সোনাকুড় এলাকায় রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ছিলেন।
আহত মোটরসাইকেল চালক লাভলু মিয়াকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই রোমান মোল্লা জানান, নুরুল ইসলাম তার ঠিকাদারি কাজের সাইড দেখার জন্য মোটরসাইকেলে করে সদর উপজেলার কাঠিতে যান। কাজ তদারকি শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন তিনি।
পথে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে নুরুল ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক লাভলু মিয়া। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকসহ চালক দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই রোমান মোল্লা।
