রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২
দুজনকেই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নয়ন মোড় এলাকায় এবং সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন-বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে সাইফুল ইসলাম রিপন (২৫) ও আলীপুর ইউনিয়নের বাসিন্দা নওয়াব আলী সরদার (৬০)।
এ ঘটনায় আহত তিন ভ্যান যাত্রী মমতাজ (৬০), শাহেরা (৪৫) ও মনিরুল সরদারকে (৩০) পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, “রিপন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে নয়ন মোড় এলাকায় পাংশামুখী একটি ভ্যান তাকে ধাক্কা দেয়।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
অপরদিকে মিস্ত্রিপাড়া এলাকায় নওয়াব আলী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন বলে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, “দুপুরে নওয়াব রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন এবং তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
