১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাওরে ‘জমির আগাছা পরিষ্কার করা নিয়ে’ দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

হাওরে ‘জমির আগাছা পরিষ্কার করা নিয়ে’ দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত
হবিগঞ্জের বানিয়াচং থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 04:08 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে ‘জমির আগাছা পরিষ্কার করা নিয়ে’ দুইপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার সকালে উপজেলার চালবন হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ।

নিহত তাহির মিয়া (৪৮) উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের প্রয়াত তাজিম উল্লাহর ছেলে।

আহতরা হলেন- শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম। তারা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াসহ চালবন হাওরে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী চজাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এতে তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।