২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটবিহীন স্বস্তির ঈদযাত্রা

“ঢাকা থেকে বের হতে কিছুটা যানজট পেয়েছি। তবে দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত কোথাও কোনো যানজট পাইনি। এ যাত্রায় খুশি আমরা।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 01:42 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের ভোগান্তির কোনো খবর পাওয়া যায়নি। এতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে রওয়ানা হওয়া মানুষ। 

তবে মহাসড়কের উপর যাত্রী ওঠানামা এবং যাত্রী সংকটের কারণে কোথাও কোথাও যানবাহনের জটলা দেখা দিচ্ছে। এছাড়া বেশি ভাড়া নেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। 

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান বলেন, দুপুর বারোটা পর্যন্ত মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের আমজাদের বাজার পর্যন্ত কোথাও কোনো দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার সকালেই ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় গিয়ে যাত্রীদের বেশ ভিড় দেখা যায়। এই মোড়ে কুমিল্লা থেকে নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরগামী যাত্রীদের পাশপাশি ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা যাত্রীরাও অপেক্ষা করছেন। 

ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা যাত্রীরা এখানে নেমে বাস পরিবর্তন করে নিজ নিজ জেলায় রওয়ানা হচ্ছেন। 

যানজট দেখা না গেলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে প্রবেশ মুখে রয়েছে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। 

এ সময় কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে বেশি ভাড়া নেওয়ার অভিযোগও পাওয়া যায়। 

তারা বলছেন, ঢাকা-কুমিল্লা এবং চট্টগ্রাম-কুমিল্লা রুটে টিকেট কাউন্টার ছাড়াও বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে, যারা উঠছেন তাদের কাছ থেকে সিট প্রতি ৫০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। 

এছাড়াও মাঝপথের স্ট্যান্ডগুলোতে বাসের জন্য যাত্রীদেরকে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। 

চট্টগ্রাম থেকে আসা আবিদুল ইসলাম বলেন, “৩৫০ টাকা করে নন এসি বাসে ভাড়া দিয়ে এসেছি, সাধারণ সময়ে এই ভাড়া ৩০০ টাকা নেয়। কোথাও যানজট নাই স্বস্তিতে এসেছি এটাই বড় কথা।” 

ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের যাত্রী সামিউল আলম বলেন, “ঢাকা থেকে বের হতে কিছুটা যানজট পেয়েছি। তবে দাউদকান্দি হাইওয়ে থেকে কুমিল্লা পর্যন্ত কোথাও কোনো যানজট পাই নি। এই যাত্রায় খুশি আমরা।”

ঢাকা থেকে আসা কুমিল্লার বরুড়াগামী আমেনা বেগম বলেন, “আমার দুই মেয়েকে নিয়ে বাসে উঠেছি, সরাসরি বরুড়া যাবার কথা থাকলেও আমাকে পদুয়ার বাজার নামিয়ে দিয়েছে। আবার ভাড়া রেখেছে জনপ্রতি ৪০০ টাকা করে। 

“বাসের ড্রাইভার ও স্টাফরা মিলে আমার প্রতি জুলুম করল। কার কাছে বিচার দিব, কেউ নেই।”

তবে তিনিও বলেন, “এবার বাড়ি ফেরা স্বস্তির, কারণ বাস কুমিল্লা পর্যন্ত আসতে যানজটে পড়েনি।”

এদিকে ঈদের ছুটি লম্বা হওয়ায় মহাসড়কে যাত্রীদের ভিড় তুলনামূলক কম। কুমিল্লার তিশা প্লাস পরিবহনের চালক রবিউল্লা বলেন, যাত্রী কম। বিকালের পর কিছুটা চাপ বাড়বে। লম্বা ছুটি হওয়ায় আগের মত ভিড়বাট্টা করে কেউ যেতে চায় না। হাইওয়েতে ঠিকমতো পুলিশ থাকলে কোথাও কোনো যানজট হবে না।”

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান বলেন, এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিশৃঙ্খলা নিরসন এবং যাত্রীদের সহযোগিতার জন্য আটটি পয়েন্টে কাজ করছে হাইওয়ে পুলিশ। তাদের পাশাপাশি ৮০ জন রোভার স্কাউটও ঈদযাত্রা নিরাপদ রাখতে সহায়তা করছেন।